বাগেরহাটে আরও ৭৩ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

আবারও করোনার সংক্রমণ হার বেড়েছে বাগেরহাটে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। শনাক্তের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ, যা  আগের দিনের তুলনায় ১২ শতাংশ বেশি। এই সময়ে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এক মাস ধরে জেলায় সর্বোচ্চ শনাক্তের হার মোংলা উপজেলায়। শেষ দুদিন কিছু কমলেও সেখানে আবারও বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় মোংলা উপজেলায় ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ এসেছে। সংক্রমণের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ, যা তার আগের দিনের তুলনায় ৪২ শতাংশ বেশি। সারা জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ১৫৬টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ৮৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন।

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গতকাল বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। এর আগে গত ৩০ মে থেকে মোংলা পৌরসভাতে দেওয়া হয় বিধিনিষেধ। বিধিনিষেধ বাস্তবায়ন করতে আইন প্রয়োগ ও জনসচেতনতার চেষ্টাও কাজে আসছে না খুব। বিধিনিষেধ লঙ্ঘন করে বাইরে বের হচ্ছে মানুষ, মানছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার কারণ, বলছে স্বাস্থ্য বিভাগ।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, প্রথমে মোংলাতে সংক্রমণ বাড়তে থাকে। জেলাজুড়ে ৩ সপ্তাহ ধরে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। এখন সংক্রমণ রোধের একটাই উপায় আছে, আর তা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি তাতে স্বাস্থ্যবিধি না মেনে চললে লকডাউন কোনো উপকারে আসবে না।