বাগেরহাটে এক দিনে করোনা শনাক্তের রেকর্ড, ৫ জনের মৃত্যু

এখন পর্যন্ত জেলায় সংক্রমণ শনাক্তের মোট সংখ্যা ৩ হাজার ৫৮। মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত জেলায় মোট ৪১২টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। শনাক্তের হার ৪২ দশমিক ৯৬ শতাংশ।

২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন ৫ জন। এখন পর্যন্ত জেলায় সংক্রমণ শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫৮। মারা গেছেন ৭৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন।

বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় নারীসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন নমুনা পরীক্ষাও হয়েছে অন্য দিনের তুলনায় বেশি।

এদিকে জেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপ করা সাত দিনের কঠোর বিধিনিষেধের আজ রোববার চতুর্থ দিন। বিধিনিষেধের আওতায় জেলায় বন্ধ রয়েছে দোকানপাট, শপিং মল ও অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল।

স্থানীয় লোকজনকে বাড়িতে রাখতে এবং বাইরে বের হওয়া মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। গত তিন দিনে স্বাস্থ্যবিধি না মানায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে মামলা হয় ১৬৩ জনের বিরুদ্ধে।

বাগেরহাট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, জেলায় করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ২৪ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষেধ না মেনে যাঁরা অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মানছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জেলা শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া পুলিশের একাধিক দল টহল দিচ্ছে। বিধিনিষেধের মধ্যেও কিছু মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে এসে ঘোরাঘুরি করেন। পুলিশ সদস্যরা তাঁদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছেন।