বাগেরহাটে করোনা শনাক্তের হার ৪৪ শতাংশ, প্রতিরোধ কমিটির সভা আজ
জেলা প্রশাসনের কয়েকটি সূত্র থেকে জানা গেছে, এ সভায় কঠোর লকডাউন ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ এমন সুপারিশ করেছে।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে ১৩৬টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৪ দশমিক ১২। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ৫০ শতাংশ। জেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা পোর্ট এলাকাতেও শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
এদিকে চলমান পরিস্থিতির ভিত্তিতে আজ বুধবার বিকেলে চারটার দিকে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা হওয়ার কথা। জেলা প্রশাসনের কয়েকটি সূত্র থেকে জানা গেছে, এ সভায় কঠোর লকডাউন ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ এমন সুপারিশ করেছে। এসব সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার বা শুক্রবার থেকে জেলাব্যাপী এক সপ্তাহের লকডাউনের ঘোষণা আসতে পারে সভা থেকে।
বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণের হার কমছে না। আজ বিকেল চারটায় করোনা প্রতিরোধ কমিটির সভা আছে। এই সভা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার-বুধবার সকাল আটটা) জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ৭৩। এখন পর্যন্ত মোট আক্রান্ত মানুষের সংখ্যা ২ হাজার ৭৫২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। বাকি ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে সংক্রমণের হার কিছুটা কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৬টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে অন্যান্য এলাকাতে এখন সংক্রমণের হার বাড়ছে।
সংক্রমণ রোধে গত ৩০ মে থেকে মোংলা পৌর শহরে বিধিনিষেধ চলছে। তবে এই বিধিনিষেধের বাস্তবায়ন নেই মাঠপর্যায়ে। এ কারণে চার সপ্তাহেও সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসেনি।
বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বলেন, পরিস্থিতি এখন অনেক খারাপ। সবাইকে দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এখন কঠোর হওয়ার সময় এসেছে।