বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর বয়স ৪৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছিলেন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিশংকর পাইক প্রথম আলোকে বলেন, ওই নারী এক সপ্তাহ আগে ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন। তাঁর জ্বর ও গলা ব্যথা ছিল। স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ওই নারীসহ পরিবারের চারজন এবং আশপাশের আরও দুজনের নমুনা সংগ্রহ করেছে।