বাগেরহাটে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
বাগেরহাটের রামপালে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. নূরে আলম এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম এমদাদুল ওরফে ইমদাদ সরদার (২৮)। তিনি রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের বাসিন্দা। আজ দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে।
মামলা ও আসামি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল গৌরম্ভা গ্রামের এমদাদের সঙ্গে মোরেলগঞ্জ উপজেলার কেশরামপুর গ্রামের আবুল বাশার ফকিরের মেয়ে মনিরা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় এমদাদ বেকার ছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই এমদাদ নানা অজুহাতে মনিরাকে যৌতুকের জন্য চাপ দিতেন। যৌতুকের জন্য এমদাদ শারীরিক নির্যাতনও করতেন।
বিয়ের ৪ মাস পর ২০১৬ সালের ২০ আগস্ট রাতে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় এমদাদ দাবি করেছিলেন, ঘুমের মধ্যে মনিরার মৃত্যু হয়েছে। ওই বছরের ২২ নভেম্বর মনিরার বাবা বাদী হয়ে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এমদাদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিত কুমার মণ্ডল বলেন, আদালত মনিরার বাবার অভিযোগের ভিত্তিতে রামপাল থানাকে ঘটনা তদন্তের দায়িত্ব দেন। পরে রামপাল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম ঘটনার তদন্তে নেমে বাগেরহাট সদর হাসপাতাল থেকে মনিরার ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ করেন। ওই প্রতিবেদনে মনিরাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে চিকিৎসকেরা উল্লেখ করেন। ময়নাতদন্তের প্রতিবেদন অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ওই পুলিশ কর্মকর্তা ২০১৭ সালের ১৬ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিত কুমার মণ্ডল জানান, এ মামলায় আদালত দশজনের সাক্ষ্য নেন। সাক্ষ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ সাজা দেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ।