বাগেরহাটে টিকা দিতে গিয়ে ভোগান্তি
শনিবার বেলা পৌনে ১টা। মেয়েকে সঙ্গে নিয়ে করোনার টিকা নিতে আসেন ষাটোর্ধ্ব সালেহা বেগম। বাগেরহাট পৌরসভার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে এসে একটি কক্ষের সামনে দীর্ঘ লাইন দেখে ছুটে যান তিনি। জাতীয় পরিচয়পত্র স্বেচ্ছাসেবকদের দেখান তিনি। কিন্তু তাঁকে জানানো হয় নিবন্ধন লাগবে।
সালেহা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা এহন দশানী দিঘীর পাড় থাহি। তবে পৌরসভাই ভোটার। টিকা না দিলি নাকি বাইর হয়া যাবে না। তাই শুনে কয়দিন দোড়োলাম। বুধবার আইছিলাম নিবন্ধন করতি। কিন্তু তাগো কি যেন ডাউন বোলে সেদিন হয়নি। পরের দিনও আইছি, খালি ঘোরে। নিবন্ধন আর হইনি। গতকাল শুক্রবার আসলি এখান দে এক স্যার বলল, আইডিটি (এনআইডি) কার্ড আনলিই টিকা দেওয়া যাবে। আমি ফটোকপিও করে আনছি। কিন্তু তারা টিকা দিচ্ছে না।’
টিকাদান কেন্দ্রে সালেহার সঙ্গে এসেছিলেন তাঁর মেয়ে নাজমা বেগম (৩৩)। তিনি বলেন, ‘মা তো বয়স্ক মানুষ। আমারে না দিলিও মারে তো একটা টিকা দিতে পারত। নিবন্ধনের জন্য কত খানে গেছি। খালি ঘোরে, কয় সার্ভার ডাউন। আমরা তো দোকানে গিয়েও চেষ্টা করছি। নিবন্ধন করতি পারিনি।’
বাগেরহাট পৌরসভার এই টিকাদান কেন্দ্রে ছিল না রেজিস্ট্রেশনের ব্যবস্থা। ফলে নিবন্ধন ছাড়া যাঁরা শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেছেন, তাঁরা টিকা নিতে পারেননি। আবার রেজিস্ট্রেশন করেও টিকা নিতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। শিহাব হোসেন (৩৬) নামের একজন বলেন, ‘অ্যালার্জি আছে কি না জানতে চেয়েছিল। আছে বলাতে আমাকে আর টিকা দেয়নি। বলছে, ডাক্তার দেখিয়ে আসেন।’
সকালে বৃষ্টির কারণে মানুষের চাপ কম থাকলেও বৃষ্টি কমার পর কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। তবে অধিকাংশ কেন্দ্রগুলোতেই ছিল না সামাজিক দূরত্বের বালাই।
টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজ না পাওয়া অনেকেই এদিন এসেছিলেন টিকাকেন্দ্রে। এঁদের কেউ এসেছিলেন খোঁজ নিতে। আবার কেউ ভেবেছেন এবার মনে হয় টিকা পানেন তাঁরা।
শহরের শলতলার লক্ষ্মী রানী দাশ (৬০) চলতি বছর মার্চের প্রথম সপ্তাহে টিকা নিয়েছিলেন বাগেরহাট সদর হাসপাতাল কেন্দ্রে। এরপর দ্বিতীয় ডোজ দেওয়ার নির্ধারিত সময় বাড়িতে না থাকায় টিকা নিতে আসতে পারেননি। পরে এসে জানতে পারেন টিকা শেষ। এরপর নানা সময় হাসপাতালে গিয়েও কোনো নির্দিষ্ট সময় জানতে পারেননি। লক্ষ্মী রানী বলেন, ‘টিকা দেওয়া হবে শুনে এসেছিলাম। কিন্তু এখানে এসে শুনলাম শুধু নতুনদেরই টিকা দেওয়া হচ্ছে।’
বাগেরহাট সদরের টিকাদান কেন্দ্রেগুলোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন যুবলীগের নেতা-কর্মীরা। পৌরসভার সরকারি পিসি কলেজ কেন্দ্রের স্বেচ্ছাসেবক এ বি আজাদ টিটো বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে টিকা নিতে আসছেন মানুষ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার জেলার ৯ উপজেলায় মোট ৮১টি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান শুরু করে স্বাস্থ্য বিভাগ। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে।
শহরের একটি টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করা একজন জানান, কিছু বিষয় পরিষ্কার করা হয়নি। আগে বলা হয়, এনআইডি নিয়ে এলে টিকা দেওয়া যাবে। এ জন্য তাঁরা আলাদা কার্ডও নিয়ে এসেছেন। কিন্তু পরে তা করা হয়নি। প্রথমে শুনেছি ১৮ বছরের ওপরে টিকা পাবে। পরে ২৫ বছর বলা হলো। বিষয়গুলো আগে থেকে পরিষ্কার করা হলে জটিলতা কমত।
যাঁরা টিকা প্রদানে করতে এসেছেন, তাঁদের কতটা প্রস্তুতি ছিল, তা নিয়েও প্রশ্ন করেন শহরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক। তাঁর বিদ্যালয় টিকাদান কেন্দ্র করা হয়েছে। তিনি বলেন, তাঁরা (টিকা প্রদানকারী) কাগজ, স্কেল পর্যন্ত আনেনি। তাদের এগুলো নিয়ে আসা উচিত ছিল। তা না হলে আমাদের আগে জানানো উচিত ছিল, কাগজ, কলম, স্কেল এগুলোর প্রয়োজন হবে। এখানে সমন্বয়ের অভাব আছে।
তবে সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, ‘আজকে টিকাদানের এই কর্মসূচিটা আসলে পাইলটিং। এখন থেকে আমরা বুঝতে পারব কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। কোথায় কেমন টিকাদান হচ্ছে, কোন কোন বিষয়গুলোতে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে টিকাদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো আমরা চিহ্নিত করতে পারব। ফলে পরে গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সহজ হবে। রোববার থেকে এভাবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান চলবে না। চলতি সপ্তাহে টিকা পাওয়া সাপেক্ষে আগামী ১৪ তারিখে আবারও এভাবে গণটিকাদান কার্যক্রম চালানোর পরিকল্পনা আছে। তবে আজ ৪৪ হাজার ৪৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে।