বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ক্রিকেটার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজোয়ানুল ইসলাম রিদু
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ক্রিকেটার যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকায় যাত্রাপুর-বাগেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রেজোয়ানুল ইসলাম রিদু (৩৫)। তিনি বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। রেজোয়ানুল বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদেকাড়াপাড়া গ্রামের শেখ আবদুর রাজ্জাকের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, আজ সকালে রেজোয়ানুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে পাশের যাত্রাপুর বাজারে যান। সেখান থেকে ফেরার পথে বাদামতলা এলাকার কুলিয়াদাইড় গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় রেজোয়ানুল সড়কের পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।