বাগেরহাটে ধানখেতে মিলল ওয়ার্ড সদস্য প্রার্থীর কর্মীর লাশ
বাগেরহাটের মোল্লাহাটে মনির শেখ (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাসন গ্রামের উত্তরপাড়ার একটি ধানখেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে ওই যুবককে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের পশ্চিম পাড়ার মুজির শেখের ছেলে। কাল সোমবার ওই এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ওয়ার্ড সদস্য পদের ভোট। চুনখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ নিহত মনিরকে নিজের কর্মী দাবি করেছেন।
স্থানীয় লোকজন জানান, মামুন কৃষিকাজ করতেন। গতকাল রাতেও নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ধানখেতে ফেলে দেয়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।