বাগেরহাটে নতুন করোনার রোগী ৫৩ জন, শনাক্তের হার ৩৯ শতাংশ
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে দৈনিক শনাক্তের হার ৩৯ শতাংশ, যা আগের দিনে তুলনায় ৫ শতাংশ কম।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, আগের দুদিনের তুলনায় জেলায় করোনা শনাক্তের হার কমেছে। জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায়ও শনাক্তের হার কমেছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে করোনা শনাক্তের হার ছিল ২২ শতাংশ। গেল ১৫ দিনের মধ্যে যা ওই উপজেলায় সর্বনিম্ন শনাক্তের হার।
গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত করেনায় আক্রান্ত হয়ে জেলায় একজন মারা গেছেন জানিয়ে সিভিল সার্জন আরও বলেন, জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। মারা গেছেন ৫৮ জন।
এদিকে দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকা মোংলা পৌর শহরের বিধিনিষেধ চলমান আছে। তবে আগের মতোই তা উপেক্ষা করে চলাফেরা করছেন সাধারণ মানুষ। জনসমাগমের উৎসস্থল হাটবাজারগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। খেয়াঘাটে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে নৌকায়।
মোংলা পৌর পৌরসভায় চলা বিধিনিষেধ আগামীকাল বুধবার শেষ হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।