বাগেরহাটে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। শুক্রবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের বৈলতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রামপাল উপজেলার চাকশ্রী বাজার এলাকার আবদুল হাই (৫৫), ফকিরহাটের নলদা মৌভোগ এলাকার উৎপল রাহা (৪২) ও একই এলাকার নয়ন দত্ত (২৫) নিহত হন। অপর তিনজনের নাম এখনো জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কের বৈলতলী এলাকায় একটি মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের ছয়জন নিহত হন। ইজিবাইকটিতে যাত্রী, চালকসহ মোট সাত আরোহী ছিলেন। একজনকে আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ব্যক্তির নাম নূর মোহাম্মদ। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার নলদা এলাকায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠান।’
দুর্ঘটনার পর মিনিট্রাকের চালক ওসমান গনিকে (২০) আটক করেছে ফকিরহাট থানা–পুলিশ। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামে। ওসমান গনি সাতক্ষীরা থেকে পানের বরজের ১০ শ্রমিক নিয়ে মাদারীপুরের শিবচর এলাকায় গিয়েছিলেন। সেখানে ওই যাত্রী নামিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকটি যাত্রী নিয়ে মহাসড়কের নওয়াপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। পথে বৈলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ছয় আরোহী নিহত হন।