বাগেরহাটে বাড়ি থেকেই দেওয়া যাবে করোনার নমুনা, অসহায়রা বিনা মূল্যে
বাগেরহাটে করোনার উপসর্গ থাকলে আর হাসপাতালের বুথে গিয়ে নমুনা দেওয়ার ঝক্কি পোহাতে হবে না। এখন থেকে বাড়িতে বসেই নমুনা দেওয়া যাবে। আর এ জন্য ফোন করতে হবে নির্দিষ্ট হটলাইন নম্বরে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় আজ মঙ্গলবার থেকে বাগেরহাটে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ও। সাংসদের উদ্যোগে বাড়িতে বসে করোনার নমুনা দিতে অতিরিক্ত অর্থ আর দিতে হবে না। সেই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের করোনা পরীক্ষার ফি বহন করবেন সাংসদ নিজে। এখন থেকে দরিদ্র-অসহায় ব্যক্তিরা বাড়িতে বসে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন বিনা মূল্যে। প্রতিদিন এভাবে প্রায় ৩০০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা স্বাস্থ্য অধিদপ্তরের।
সকালে বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিরাজুল করিম প্রমুখ।
সাংসদের উদ্যোগে বাড়িতে বসে করোনার নমুনা দিতে অতিরিক্ত অর্থ আর দিতে হবে না। সেই সঙ্গে দরিদ্র ও অসহায় মানুষের করোনা পরীক্ষার ফি বহন করবেন সাংসদ নিজে।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির বলেন, এই কার্যক্রমের আওতায় দুটি গাড়ি ঘুরে ঘুরে বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় উপসর্গ থাকা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে। পরে সংগৃহীত নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় যেসব নমুনার ফলাফল নেগেটিভ আসবে, সেগুলো আবার আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হবে।
ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহকারী দলের হটলাইন নম্বর ০১৯২০৯২২২২৯ ও ০১৪০০৩০৫৪০৫। করোনার উপসর্গ আছে, এমন যে কেউ এ নম্বরে ফোন করে নমুনা দিতে পারবেন জানিয়ে সিভিল সার্জন বলেন, হাসপাতালের বুথে এসে নমুনা পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ১০০ টাকা। আর রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহের সরকার নির্ধারিত ফি ৩০০ টাকা। তবে সাংসদের সহায়তায় চালু নতুন এ কার্যক্রমের আওতায় বাড়ি গিয়ে নমুনা নেওয়া হলেও ফি ১০০ টাকাই থাকবে। আর দরিদ্ররা বাড়ি থেকে একেবারে বিনা মূল্যে নমুনা দিতে পারবেন। এই অর্থ সাংসদ শেখ তন্ময় নিজে বহন করবেন বলে জানিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, করোনার শুরু থেকেই সাংসদ শেখ তন্ময় বাগেরহাটবাসীর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ যে সেবা চালু হলো, তাতে সাধারণ মানুষ উপকৃত হবে। দ্রুত শনাক্ত হলে করোনার সংক্রমণ রোধ করা সহজ হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত গাড়ি ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে। প্রাথমিকভাবে দুটি গাড়ি দিয়ে এই সেবা প্রদান শুরু হলেও দ্রুতই আরও একটি গাড়ি যুক্ত হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উপসর্গ থাকলেও অনেকে হাসপাতালে আসতে চান না। এ কারণে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের যে কাজ শুরু হয়েছে, তাতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
কার্যক্রমটি চালুর পর হটলাইনে ফোন করে প্রথম নমুনা দেন শহরের বণিকপট্টি এলাকার বাসিন্দা লিটন সরকার। তিনি চার দিন ধরে নানা উপসর্গে ভুগছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাসপাতালে যেতে পারছিলাম না। আজ হাসপাতাল থেকে গাড়ি এসে আমার নমুনা নিয়ে গেছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’