বাগেরহাটে বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বুধবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায়
ছবি: প্রথম আলো

বাগেরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে এক নারী বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ১৫ যাত্রী। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মনোয়ারা বেগম (৬৫)। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙা থেকে পিরোজপুরের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস মহাসড়কের বারাকপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লেকের পানিতে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সেখানে পৌঁছে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আদনান হোসেন বলেন, দুর্ঘটনায় আহত শিশুসহ অন্তত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মনোয়ারা বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আনার পথে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদের হাসপাতালে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, বাসের অর্ধেকটা পানিতে ডুবে ছিল। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করেছেন তাঁরা। এ ছাড়া অনেক যাত্রী নিজে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় বাস থেকে বেরিয়ে আসেন। দুজন ফায়ার সার্ভিস কর্মী বাসের ভেতরে প্রবেশ করে তল্লাশি করেছেন। সেখানে আর কেউ নেই। রেকার দিয়ে বাসটি উঠিয়ে আবার তল্লাশি করা হবে।