বাগেরহাটে বিএনপির কার্যালয়ে হাতাহাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরের থানার মোড় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে দলের দুই পক্ষের হাতাহাতির পর ঘাটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। গতকাল শনিবার তোলা
ছবি: প্রথম আলো

বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় হাতাহাতির ঘটনায় দলটির আটক ২৮ নেতা-কর্মীর মধ্যে ২৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেনের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন বাগেরহাট সদরের দেপাড়া এলাকার বিএনপির কর্মী হাফিজ খান (৪০) ও যাত্রাপুর এলাকার রিপন তালুকদার (২২)। আজ রোববার দুপুরে তাঁদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার শহরের থানার মোড় এলাকার জেলা বিএনপির কার্যালয়ে দলের উপজেলা পর্যায়ের কমিটি গঠন নিয়ে জেলার আহ্বায়ক কমিটির সভা হয়। সভা চলাকালে সেখানে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ২৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ এনে জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন বাগেরহাট মডেল থানায় মামলা করেন। এতে পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভূঁইয়াসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম গ্রুপের নেতা-কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে বর্তমান আহ্বায়ক ও সাবেক সভাপতি—এই দুই ভাগে বিভক্ত জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, জেলা বিএনপির কার্যালয়ের সভায় ভাঙচুর, হট্টগোল ও হামলার ঘটনায় সংঘর্ষ এড়াতে পুলিশ কয়েকজনকে হেফাজতে নেয়। এজাহারভুক্ত দুই আসামি ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।