বাগেরহাটে ভ্যানচালক দেলোয়ার হত্যায় গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি

হত্যা
প্রতীকী ছবি

বাগেরহাটে ভ্যানচালক দেলোয়ার হোসেন (৩২) হত্যার ঘটনায় তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩২)। টাকা ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন নজরুল।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার নজরুল বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। তিনিও পেশায় ভ্যানচালক। নিহত দেলোয়ার হোসেন একই উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের গ্রামের মরহুম ইলাল নিকারীর ছেলে। ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রণজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ইকোপার্কের সামনে থেকে মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তৎপর ছিল। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল স্বীকার করেছেন, দেলোয়ারের কাছে থাকা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। নজরুলের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।