বাগেরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে যৌতুকের দাবিতে স্বামীর পরিবারের সদস্যরা পিটিয়ে ও শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সদর উপজেলার বারুইপাড়া গ্রামে এ ঘটনা। 
রিমা সাহা (২০) নামের ওই গৃহবধূর বাড়ি খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা সাহাপাড়া গ্রামে। বাগেরহাট সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।
রিমা সাহার বড় ভাই রিপন কুমার সাহা অভিযোগ করেন, ২০১২ সালে বারুইপাড়া গ্রামের নিমাই সাহার সঙ্গে রিমার বিয়ে হয়। সে সময় নিমাই সাহাকে ৭০ হাজার টাকা, সাত ভরি সোনার গয়না এবং একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় কলহ। ছয় মাস আগে যৌতুকের দাবিতে রিমার শাশুড়ি ও দেবর তাঁর ওপর নির্যাতন শুরু করেন। মঙ্গলবার বিকেলে রিমার শ্বশুরবাড়িতে রিপনদের আসতে বলা হয়। পরে সেখানে পৌঁছে তাঁরা দেখেন রিমার মরদেহ বাড়ির বারান্দায় রাখা। নিমাইয়ের পরিবারের দাবি, রিমা আত্মহত্যা করেছেন। কিন্তু রিপন দাবি করেন, নির্যাতনের পর তাঁর বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।