বাগেরহাটে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে এক গৃহবধূকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ওই নারীর স্বামী মোরেলগঞ্জ থানায় ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার জিলবুনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারীকে বুধবার সন্ধায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
ওই নারীর স্বামী বলেন, ‘মঙ্গলবার রাতের খাবার খেয়ে আমি ও আমার স্ত্রী ঘুমিয়ে পড়ি। পাশের রুমে আমাদের ছেলেও ঘুমাচ্ছিল। গভীর রাতে সিঁধ কেটে কয়েকজন আমাদের ঘরে ঢুকে সবার হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে এবং ঘরে থাকা ২ ভরি স্বর্ণালংকার, ৫ হাজার ৫০০ টাকা ও ২ বস্তা সুপারি নিয়ে পালিয়ে যায়।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযোগে পরিবারটি দাবি করেছে, ওই রাতে চারজন তাঁদের ঘরে ঢুকে দলবদ্ধ ধর্ষণ ও ডাকাতি করে পালিয়ে যায়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।