বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত নূর মোহাম্মদ (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নূর মোহাম্মদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ ফকির চিকিৎসাধীন নূর মোহাম্মদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফকিরহাটের ওই দুর্ঘটনায় এ নিয়ে আমার ইউনিয়নের তিনজন মারা গেলেন। তাঁরা সবাই দিনমজুর এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।’
গতকাল সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাট উপজেলার বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিনিট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। তখন ইজিবাইকের সাত আরোহীর মধ্যে একমাত্র নূর মোহাম্মদকে জীবিত উদ্ধার করা হয়। প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পরপরই মিনিট্রাকটির চালক ওসমান গনিকে (২০) আটক করেছে পুলিশ। ওসমান গনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ওসমান গনি নামের যে তরুণকে আটক করা হয়েছে, তিনি আসলে চালকের সহকারী। ঘুম ঘুম চোখে গাড়ি চালিয়ে উল্টো পথে চলে আসার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।