বাগেরহাটে ৩ ঘণ্টার চেষ্টায় প্লাইউড কারখানার আগুন নিভেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলের আগুন বলে এটি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস
ছবি: প্রথম আলো

বাগেরহাটে টিকে গ্রুপের প্লাইউড তৈরির কারখানায় লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিভেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট, খুলনা ও মোংলা ইপিজেডের ছয়টি ইউনিট মিলে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

আজ সকাল নয়টার পর সদর উপজেলার যাত্রাপুর বাজারসংলগ্ন ভাঙ্গনপাড় এলাকার টিকে গ্রুপের গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেড কারখানায় আগুন দেখতে পান স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস জানিয়েছে, তেলের পাইপ ছিদ্র হয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম প্রথম আলোকে জানান, আগুনের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অগ্নিকাণ্ডে কারখানার মূল্যবান যন্ত্রাংশ, মালামাল ও শেড পুড়ে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার প্রথম আলোকে জানান, কারখানাটির ভেতরে ইঞ্জিনরুমে মজুত রাখা তেলের পাইপ তাপের কারণে ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। তেলের আগুন বলে এটি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের ভয়াবহতার মাত্রা বেশি থাকায় খুলনা ও মোংলা থেকেও দুটি ইউনিট আনা হয়। সোডিয়াম বাই কার্বনেট ও অ্যালুমিনিয়াম সালফেট দিয়ে তৈরি বিশেষ ধরনের ফোম আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে।

এদিকে আগুন নেভানোর পর গ্রিন বোর্ড অ্যান্ড ফাইবার মিলস লিমিটেডের কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কেউ সাংবাদিক, এমনকি ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার সঙ্গেও কথা বলেননি।

আরও পড়ুন