বাগেরহাটে ৬১ জনের করোনা শনাক্ত, মোংলায় শনাক্তের হার ৬৮ শতাংশ
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন।
জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ হয়। মোংলায় শনাক্তের হার ৬৮ শতাংশ; যা গতকালের তুলনায় ১০ শতাংশ বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পুরো জেলায় শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, জেলার ৯ উপজেলার মধ্যে কচুয়া ছাড়া সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে। এতে গড়ে জেলায় ১৪০-১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। তবে ল্যাব টেকনোলজিস্টের সংকট রয়েছে। জেলায় ১৯টি ল্যাব টেকনোলজিস্ট পদের বিপরীতে জনবল আছে মাত্র ৭ জন। ফলে করোনা পরীক্ষার অতিরিক্ত বুথ বা ভ্রাম্যমাণ পরীক্ষা করা কঠিন হচ্ছে। তবে বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময়ের উদ্যোগে ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রশিক্ষিত কর্মীদের কাজে লাগানো হবে।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। জনসমাগমের কেন্দ্রস্থল হাট–বাজারগুলোতে আসা ক্রেতা–বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। তাঁরা না মাস্ক পরছেন, না মানছেন সামাজিক দূরত্ব। এ কারণে সংক্রমণের হার আরও বাড়ার বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাগেরহাটের সব উপজেলাতেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে মোংলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। ১৫ দিন ধরে এই হার ঊর্ধ্বমুখী। এ কারণে মোংলাতে ১৬ জুন পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ বাড়ানো হয়েছে।