করোনায় সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদিকে শুক্রবার ছুটির দিনে নমুনা পরীক্ষা হয়েছে কম। তাই করোনা রোগী শনাক্তের সংখ্যাও কমেছে।
মারা যাওয়া চারজনের মধ্যে বাগেরহাট সদরের একজন, মোংলা উপজেলার দুজন এবং মোরেলগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট ৫৭ জনের মৃত্যু হলো।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে এই পরীক্ষা হয়। এতে মোট ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় শুক্রবার অ্যান্টিজেন পদ্ধতিতে কোনো নমুনা পরীক্ষা হয়নি। এর আগের ২৪ ঘণ্টায় ৫১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়। ওই সময়ে মোংলায় শনাক্তের হার ছিল প্রায় ৫১ শতাংশ।
এদিকে মোংলায় উপজেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে। পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছেন। ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, করোনায় সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে নারীও রয়েছেন। খুলনা ও বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে।