বাগেরহাটের এক ইউপিতে আ.লীগের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

করোনার কারণে দুই দফা পিছিয়ে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপকূলীয় জেলা বাগেরহাটের ৬৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ। তবে নির্বাচন হওয়া ইউনিয়নগুলোর তালিকায় নাম থাকলেও এদিন ভোট গ্রহণ হচ্ছে না বাগেরহাটের কচুয়া উপজেলার একটি ইউনিয়নে।

উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত সদস্য পদের সব কটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ৯ উপজেলার মোট ৬৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এই দফায়। তবে ভোট হচ্ছে ৬৫টিতে।

এদিকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে মোট ৩৮টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সবশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও জেলার দুটি উপজেলার সব ইউপিসহ মোট ৩২ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী ফারাজী বেনজীর আহম্মেদ জানান, নিয়ম অনুযায়ী যাচাই–বাছাই ও প্রত্যাহারের পর কোনো পদে একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। সেই অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের পর রয়ে যাওয়া একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।