বাঘাইছড়িতে এডিপির ২২ প্রকল্পের হদিস নেই!
কাগজপত্রে প্রকল্পের বাস্তবায়ন দেখিয়ে ঠিকাদারকে বিল পরিশোধ করা হলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২২টি প্রকল্পের হদিস নেই। প্রায় ৭০ লাখ টাকার এসব প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
প্রকল্পের উপকারভোগী লোকজন অভিযোগ করেন, গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজন বিভিন্ন গ্রামে গিয়ে প্রকল্প বাছাই ও চূড়ান্ত করে আসে। প্রকল্পের মধ্যে উপজেলার বিভিন্ন পাড়া ও এলাকায় ভবন, বাড়ি ও সেতু নির্মাণ এবং সড়ক সংস্কারের কথা ছিল। কিন্তু কয়েকটি বাদে অধিকাংশ প্রকল্প কাগজে–কলমেই থেকে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে উপজেলার এডিপির আওতায় আট ইউনিয়নে ৩২টি প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হয়। এসব প্রকল্পের জন্য এক কোটি ২৮ লাখ টাকা ব্যয় ধরা হয়। প্রকল্পগুলোর মধ্যে ১০টি বাস্তবায়ন হলেও ২২টির কোনো হদিস নেই। এসব প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। ইতিমধ্যে কাজের বাস্তবায়ন দেখিয়ে বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাস্তবায়ন হয়নি এমন প্রকল্পগুলো হলো—উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের তালুকদারপাড়া থেকে কজোইছড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, কচুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সম্প্রসারণ, রূপকারী ইউনিয়নের রূপকারী থেকে ধনবি আদাম পর্যন্ত চার কিলোমিটার সড়ক সংস্কার, বটতলী রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও রূপকারীছড়ায় কাঠের সেতু নির্মাণ, সাজেক ইউনিয়নে সাজেক সমিতির ঘর নির্মাণ, লক্ষ্মীছড়িছড়া ও উদলছড়িতে কাঠের সেতু নির্মাণ, ভুয়াছড়ি থেকে চাইল্যাতলী পর্যন্ত রাস্তা সংস্কার, ব্যাটলিংপাড়ার দুটি রাস্তা সংস্কার, চামেলীছড়া থেকে লাম্বাবাঘ পর্যন্ত রাস্তা সংস্কার ও গঙ্গারাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ, বঙ্গলতলী ইউনিয়নের হাগলাছড়ায় কাঠের সেতু নির্মাণ, খেদারমারা ইউনিয়নে খেদারমারা উচ্চবিদ্যালয়ের ছাত্রাবাস সংস্কার এবং আমতলী ইউনিয়নের মাহিল্যায় কাঠের সেতু নির্মাণসহ বিভিন্ন এলাকায় রিংওয়েল ও টিউবওয়েল বসানোর কথা ছিল।
সাজেক ইউনিয়নের কজোইতলী ও চাইল্যাতলী গ্রামের বিনয় শান্তি চাকমা ও ধরেং ত্রিপুরা বলেন, ‘আমাদের গ্রামের রাস্তাগুলো চলাচলের উপযোগী নয়। গ্রামের লোকজন রাস্তা সংস্কার হবে বলে শুনেছে। কিন্তু বছর পেরিয়ে গেলেও সংস্কারের দেখা নেই।’
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও কচুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য মিলন কান্তি চাকমা বলেন, ‘আমাদের বিদ্যালয়ে একটি কক্ষ সম্প্রসারণের জন্য দুই লাখ টাকার প্রকল্প বাস্তবায়নের কথা। কিন্তু এ পর্যন্ত কোনো ঠিকাদার কাজ করতে আসেননি।’
প্রকল্পের কাজ করেছেন এমন একজন ঠিকাদার মো. আবদুর রব বলেন, ‘আমি শুধু কয়েকটি রিংওয়েলের কাজ পেয়েছি। আমার কাজগুলো সুন্দরভাবে শেষ করেছি এবং বিলও পেয়েছি। অন্যান্য কাজের বিষয়ে আমি জানি না।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে এডিপির কোনো প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। কোনো ঠিকাদারকে কাজ করতে দেখিনি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জিয়াউল হক বলেন, ‘এক কোটি ২৮ লাখ টাকার উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র ও কাজ নিয়ে আমাদের করার কিছু ছিল না, সব উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করেছে। এক এলাকায় কাজ হলেও কাগজে-কলমে দেখানো হয়েছে অন্য এলাকা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রকল্পগুলো দেখতে যাব। যদি প্রকল্পের হদিস না পাই তাহলে ব্যবস্থা নেব।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা বলেন, ‘এই কাজগুলো আগের উপজেলা পরিষদ দেখভাল করেছে। আমরা দায়িত্ব পাওয়ার পর এডিপির কোনো প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়নি।’