বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৪ স্থানে পাহাড়ধস
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের চার স্থানে গতকাল শুক্রবার গভীর রাতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে সাড়ে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সড়কের এক পাশের মাটি সরানো হয়। এরপর কোনোমতে শুরু হয়েছে যান চলাচল।
এলাকাবাসী ও সওজ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় ঘণ্টাব্যাপী ভারী বৃষ্টিপাত হয়। আজ শনিবার সকাল ছয়টার দিকে বিভিন্ন যানবাহনের চালকেরা উপজেলা সদর থেকে দীঘিনালায় যাওয়ার পথে চার কিলো এলাকায় গিয়ে পাহাড়ধস দেখতে পান। একই সময়ে কয়েকজন চালক দীঘিনালা থেকে বাঘাইছড়িতে যাওয়ার পথে ১৬ কিলো (দুই টিলা) এলাকায় পাহাড়ধস দেখতে পান।
ওই দুই স্থানের মাঝামাঝি এলাকায় অবস্থিত ১১ কিলো ও জুম্মবী আদাম এলাকায়ও পাহাড়ধস হয়েছে। পাহাড়ধসের কারণে সড়কের দুই দিকে অন্তত অর্ধশতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামগামী কিছু গাড়িও ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সওজ বিভাগের লোকজন সকাল আটটার দিকে ঘটনাস্থলে যান। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সড়কের ওপরে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন।
টানা সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সড়কের একাংশ থেকে মাটি সরানো সম্ভব হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে সড়কের ওই পাশ দিয়ে কোনোমতে যান চলাচল শুরু হয়। ধসে পড়া পুরো মাটি সরাতে সারা দিন লেগে যাবে বলে জানিয়েছে সওজ বিভাগ।
এর আগে গত ১১ আগস্ট ভারী বৃষ্টিপাতের পর এই সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। তখন সড়কটিতে চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুই টিলা এলাকার বাসিন্দা বিকাশ চাকমা বলেন, নতুন করে পাহাড়ধসের পর ঝুঁকি নিয়ে কোনোরকমে যানবাহন চলাচল করছে। মাটি দ্রুত সরানো না গেলে ও পাহাড়ধসের ঘটনাস্থলে প্রতিরোধের ব্যবস্থা না নিলে আবারও এমন ঘটনা ঘটতে পারে। যানবাহনের ওপরে মাটি ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
খাগড়াছড়ি সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সড়ক দিয়ে আপাতত যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সড়ক থেকে সব মাটি সরিয়ে ফেলার কাজ চলছে।