বাঘারপাড়ায় আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনার বিচার দাবি
যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী খালেদুর রহমান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। জহুরপুর ইউনিয়নবাসীর ব্যানারে আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জহুরপুর ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় নিহত খালেদুরের ভাই বদর উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বি এম শাহজালাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, স্থানীয় আব্দুল্লাহ রানা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ওই ঘটনায় জড়িত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী ও তাঁর ভাই নূর মোহাম্মদ পাটোয়ারীসহ জড়িতদের দ্রুত আটক ও বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র বলছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে বেতালপাড়া বাজারে নৌকা প্রতীকের সমর্থক খালেদুর রহমান ওরফে টিটোসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ দিলু পাটোয়ারীর সমর্থকেরা সেখানে হামলা চালান। এ সময় খালেদুরকে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
খালেদুর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীনের নির্বাচনী কর্মী হিসেবে কাজ করছিলেন। তাঁকে হত্যার অভিযোগে শুক্রবার সকালে দিলু পাটোয়ারী, তাঁর ভাইসহ ১৭ জনের নামে বাঘারপাড়ায় থানায় হত্যা মামলা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খালেদুর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীনের নির্বাচনী কর্মী হিসেবে কাজ করছিলেন। তাঁকে হত্যার অভিযোগে শুক্রবার সকালে দিলু পাটোয়ারী, তাঁর ভাইসহ ১৭ জনের নামে বাঘারপাড়ায় থানায় হত্যা মামলা হয়েছে।