বাঘারপাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকচাপায় এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সোয়াইব হোসেন (১০)। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলডাঙ্গা এলাকায় বাঘারপাড়া-খাজুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াইব বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বাড়ির কাছেই রায়পুর হাফিজিয়া মাদ্রাসায় থেকে পড়ালেখা করত।

সোয়াইব হোসেনের চাচা মঞ্জুর হোসেন জানান, সোয়াইব সকালের খাবার খেতে আজ সকালে মাদ্রাসা থেকে বাড়িতে আসে। খাবার খেয়ে সে দুপুরের খাবার সঙ্গে নিয়ে বাইসাইকেলে করে বাঘারপাড়া-খাজুরা সড়ক দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। আরও দুই শিক্ষার্থী এ সময় তার সঙ্গে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে তারা নলডাঙ্গা এলাকার শামসুর রহমানের দোকানের কাছে পৌঁছায়। এ সময় বাঘারপাড়া থেকে ছেড়ে আসা একটি ধানবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৮০২) সোয়াইবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঘারপাড়া উপজেলার রায়পুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালক পলাশ অধিকারী ও সহকারী (হেলপার) বায়েজিদ হোসেনকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।