বাঘায় ১৫৪০ কেজি ভেজাল গুড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভেজাল গুড় জব্দ করে পুলিশ
ছবি : সংগৃহীত

রাজশাহীতে ভেজাল গুড় তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ কারখানা থেকে ১ হাজার ৫৪০ কেজি ভেজাল গুড় জব্দ করে পুলিশ।

বাঘা থানার পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া এলাকার শামসুল হকের ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এক হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এ সময় ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ চিনি, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে কারখানার মালিক শামসুল হক পালিয়ে যান।

আজ সন্ধ্যা সাতটার দিকে আড়ানী পূর্বপাড়ার মো. পলাশের ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায় পুলিশ। এ কারখানা থেকে ৫৪০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এ কারখানা থেকেও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। কারখানার মালিক মো. পলাশ অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যান।

এ বিষয়ে বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল করিম বলেন, অভিযানের খবর পেয়ে আগেই কারখানার মালিকেরা পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, এই দুই অভিযান নিয়ে চলতি বছর বিভিন্ন থানায় ভেজাল গুড় জব্দ করার ঘটনায় মোট ২১টি মামলা হয়েছে। এসব কারখানায় আখের রস ছাড়াই শরীরের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরি করা হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম প্রথম আলোকে বলেন, তাঁদের বেশির ভাগ অভিযান বাঘা ও চারঘাট থানায় চালানো হয়েছে। এসব এলাকায় ভেজাল গুড় তৈরি বেশি হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।