বাঙালির পাতে ফিরছে বিলুপ্তপ্রায় বাতাসি

এ নিয়ে ২৬ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের পোনা উৎপাদন ও চাষাবাদের কৌশল উদ্ভাবন করলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের বিপর্যয়সহ নানা কারণে দেশি ছোট মাছ জলাশয়ে এখন আর তেমন পাওয়া যায় না। দিনে দিনে অনেক মাছ বিপন্নের তালিকায় চলে গেছে। এমন পরিস্থিতিতে দেশি জাতের বিলুপ্তপ্রায় একটি মাছ পুনরুদ্ধারে সাফল্যের কথা জানালেন মৎস্যবিজ্ঞানীরা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীদের হাত ধরে বাঙালির পাতে ফিরছে বিলুপ্তপ্রায় বাতাসি মাছ।

খনিজ পুষ্টিসমৃদ্ধ দেশি ছোট এ মাছটি রাতকানা প্রতিরোধে সহায়তা করে। দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে কৃত্রিম প্রজননের মাধ্যমে বাতাসি মাছের পোনা উৎপাদনে সক্ষম হয়েছেন বিএফআরআইয়ের বিজ্ঞানীরা। এ নিয়ে ২৬ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের পোনা উৎপাদন ও চাষাবাদের কৌশল উদ্ভাবন করলেন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

২০১৫ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্বাদুপানির ২৬০টি মাছের মধ্যে ৬৪টি প্রজাতি বিলুপ্তপ্রায়। এর মধ্যে ৯টি অতিবিপন্ন, ৩০টি বিপন্ন এবং ২৫টি বিপন্নের পথে। ইতিমধ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ২৫টি বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদ কৌশল উদ্ভাবনে সক্ষম হয়েছে। ১৯ মে সেই তালিকায় সংযোজন হলো বাতাসি মাছ। বাতাসি মাছের বৈজ্ঞানিক নাম Neotro Piusatherinoides। এই প্রজাতির মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারে বেশি দেখা যায়।

বিএফআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ এইচ এম কোহিনূর বলেন, একসম‍য় ময়মনসিংহ অঞ্চলের খরস্রোতা ব্রহ্মপুত্র নদে চেলা, গাঙমাগুর, বাচা, গাউড়া, বাতাসি, কাজলিসহ অনেক প্রজাতির ছোট মাছ পাওয়া যেত। বর্তমানে ব্রহ্মপুত্র নদসহ কয়েকটি নদীতে সুস্বাদু বাতাসি মাছ জেলেদের জালে ধরা পড়লেও হাটবাজারে খুব কমই পাওয়া যায়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, নিঃসন্দেহে এটি একটি সুখবর। এই মাছ খনিজ পুষ্টিসমৃদ্ধ, রাতকানা প্রতিরোধী এবং ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে জীববৈচিত্র্য সুরক্ষা, প্রান্তিক পর্যায়ে চাষাবাদের মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও দেশীয় মাছের সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে ভূমিকা পালন করবে।

বিএফআরআইয়ের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ জানান, গত দুই দশকে বিএফআরআইয়ের গবেষকেরা ২৬টি বিলুপ্তপ্রায় মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফল হয়েছেন। এর মধ্যে পাবদা, গুলশা, শিং, মাগুর, কই, মহাশোল, গুজি আইড়, রাজপুঁটি, গণিয়া, সরপুঁটি, চিতল, মেনি, ট্যাংরা, ফলি, গজার, আঙ্গুস, খলিসা, বালাচাটা, কুঁচিয়া, কালবাউশ, ভাগনা, বাটা, দাতিনা, বৈরালী, গুতুম, ঢ্যালা অন্যতম।

বাতাসি মাছ নিয়ে গবেষণা সম্পর্কে ইয়াহিয়া মাহমুদ বলেন, বগুড়ার সান্তাহারে প্লাবনভূমি উপকেন্দ্রের বিজ্ঞানীরা কয়েক বছর ধরে যমুনা, আত্রাই নদসহ বিভিন্ন উৎস থেকে বাতাসি মাছের পোনা সংগ্রহ করে উপকেন্দ্রের পুকুরে নিবিড়ভাবে প্রতিপালন করেন। এ সময় বাতাসি মাছের খাদ্য ও খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে খাবার সরবরাহ করা হয়।

বিএফআরআই কার্যালয় সূত্রে জানা যায়, একটি পরিপক্ব বাতাসি মাছের খাদ্যনালিতে ৮৬ ভাগ প্লাংটন ও ১৪ ভাগ অন্যান্য খাদ্যবস্তুর উপস্থিতি লক্ষ করা যায়। মাছটির দৈর্ঘ্য সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর দেহ চ্যাপ্টা এবং ওপরের চোয়াল নিচের চোয়ালের চেয়ে কিছুটা লম্বা। বাতাসি মাছের সর্বোচ্চ প্রজনন মৌসুম হচ্ছে মে থেকে জুলাই। ডিম ধারণক্ষমতা আকারভেদে ১ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০টি। এটি বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে চাষ করা সম্ভব।

বাতাসি মাছ নিয়ে যাঁরা গবেষণা করছেন, সেই গবেষক দলের প্রধান ডেভিড রিন্টু দাস জানান, প্রজনন মৌসুমের শুরু হলে মে মাসে বাতাসি মাছকে হরমোন ইনজেকশন দেওয়া হয়। হরমোন প্রয়োগের ১২-১৫ ঘণ্টা পর বাতাসি মাছ ডিম ছাড়ে এবং ২৩-২৫ ঘণ্টা পর নিষিক্ত ডিম থেকে রেণু পোনা উৎপাদিত হয়।

বিএফআরআইয়ের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ আরও জানান, বিলুপ্তপ্রায় মাছ পুনরুদ্ধার করার লক্ষ্যে ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে পিয়ালি, কাজলি, কাকিলা, রানি, গাঙ ট্যাংরাসহ আরও আটটি মাছ নিয়ে গবেষণা চলছে। ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে পড়ায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।