বাঙ্গালী নদীতে কলেজশিক্ষকের লাশ
বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বাঙ্গালী নদী থেকে আবদুল হাই (৪৫) নামের এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সোয়া চারটায় ভাসমান অবস্থায় পুলিশ নদী থেকে তাঁর লাশটি উদ্ধার করে।
প্রভাষক আবদুল হাই শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামে পরিবার নিয়ে বাস করেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আমিনা মনসুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
আবদুল হাইয়ের বড় ছেলে মো. আহনাফ অনন্য বলেন, মঙ্গলবার বেলা ১১টায় তাঁর বাবা বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খুঁজেও তিনি তাঁর বাবাকে পাননি। তাঁর বাবা আওলাকান্দিতে কীভাবে গিয়েছিলেন, কারা তাঁকে সেখানে নিয়ে গিয়েছিল, তার সঠিক তদন্ত করতে হবে। আহনাফ অনন্য দাবি করেন, তাঁর বাবা সাঁতার জানতেন। পানিতে ডুবে তাঁর বাবার মৃত্যু হওয়ার কোনো কারণ নেই।
আবদুল হাইয়ের ভগ্নিপতি এনামুল হক বলেন, ধুনটের বেলকুচি গ্রামে আবদুল হাইয়ের বাড়ি হলেও বর্তমানে আবদুল হাই শেরপুরের হামছায়াপুর এলাকায় বসবাস করেন। তাঁর স্ত্রী শেরপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন।
শেরপুর থানা–পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, আওলাকান্দি থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে সুঘাটের সামনে আবদুল হাইয়ের লাশ বিকেল সোয়া চারটায় ভেসে ওঠে। এরপর তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশটি বুধবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান বলেন, মৃত্যুর ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হবে। এ ছাড়া এ মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত থাকবে।