বাজার করতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর শিবপুর উপজেলায় বাজার করতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইটাখোলা চত্বরসংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম পরিমল চন্দ্র সাহা (৬৫)। তিনি শিবপুরের শাষপুর এলাকার মৃত বিহারী লাল সাহার ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখোলা চত্বর এলাকায় শরীফ সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে সবজি কিনছিলেন পরিমল চন্দ্র সাহা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী উত্তরা কাজী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরিমলের ছেলে প্রদীপ সাহা বলেন, ‘ইটাখোলা চত্বরে সবজি কিনতে এসে আমার বাবা বাসচাপায় মারা গেছেন। বাবাকে তো আর ফিরে পাব না, তাই তাঁর লাশ কাটাকুটি হোক, এটা আমরা চাই না। এ ঘটনায় আমরা মামলা করব না। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ পাওয়ার আবেদন জানিয়েছি।’

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হায়দার তালুকদার বলেন, সবজি কিনতে এসে বৃদ্ধ এক ব্যক্তি বাসচাপায় নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছেন। লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন জানিয়েছেন।