বাজার করে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো.আবু সাইদ (৭৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি যাত্রামুড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেণু ঘোষণ দাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেণু ঘোষণ প্রথম আলোকে তিনি জানান, সকালে ওই বৃদ্ধ নিজের বাসা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পার হয়ে যাত্রামুড়া বাজারে যাচ্ছিলেন। সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা, জানা যায়নি। গাড়ি ও গাড়ির চালকের খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।