‘বাজার না করলে খাব কী?’
চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। এ ঘোষণা শুনে ফরিদপুরের বাজারে কেনাকাটার হিড়িক পড়ে গেছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের বৃহত্তম কাঁচাবাজার হিসেবে খ্যাত হাজী শরীয়তুল্লাহ বাজারের বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। মুদিদোকান থেকে চাল, আটাসহ অতি প্রয়োজনীয় পণ্য কিনছিলেন শহরের দক্ষিণ গোয়ালচামট এলাকার গৃহবধূ আলেয়া বেগম (৪৯)। তিনি বলেন, ‘শুনছি কড়া লকডাউন দেবে। ঘরে বইসা যাতে না খাইয়া থাকতে না হয়, এ জন্য কিনতে আইছি। বাজার না করলে খাব কী?’
ওই বাজারে নিত্যপণ্য কিনছিলেন সংগীতা রায় (২৭)। তিনি থাকেন ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলিতে। তিনি বলেন, ‘শুনেছি, এবার লকডাউনে ঘর থেকে বের হতে দেবে না। তাই কেনাকাটা করতে এসেছি।’
শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা গৃহবধূ নাবিলা আক্তার (২৬) বলেন, ‘তাঁর স্বামী ঢাকায় চাকরি করেন। তাঁকেই কেনাকাটা করতে হয়। গত শুক্রবার বাজারে এসে পুলিশের তাড়া খেয়ে কিছু কিনতে পারেননি। তাই আজ আবার এসেছেন বাজার করতে।’
হাজী শরীয়তুল্লাহ বাজার থেকে দেড় হাজার টাকা করে দুই কেজি ইলিশ মাছ কিনেছেন দক্ষিণ ঝিলটুলি মহল্লার বাসিন্দা ইদ্রিস আলী (৪৫)। তিনি বলেন, ‘বাজার বন্ধ হয়ে গেলে মাছ পাব না। তাই কেনাকাটা করছেন, যাতে দিনগুলো পার করা যায়।’
ওই বাজারের মুদি ব্যবসায়ী শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা শ্যাম সুন্দর সিকদার (৫৮) বলেন, প্রশাসন যদি বলত সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত দোকান খোলা থাকবে, তাহলে এত ভিড় হতো না। আজ পুলিশ নেই বলে বাজারে ভিড় বেশি। লোক সরানো যাচ্ছে না।
সবজি বিক্রেতা শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা সোনা সাহা (৪৯) বলেন, ‘বাজার না খোলায় সবজি নষ্ট হইয়া যাচ্ছিল। এ জন্য আজ দোকান খুইলা বইছি।’
পশ্চিম খাবাসপুর মহল্লার বাসিন্দা মুরগি বিক্রেতা জলিল মিয়া (৫৫) বলেন, গতকাল মুরগি ঢুকতে পারে নাই। যে মুরগি ছিল, ক্রেতারা ভিড় কইরা কিনা নিচ্ছেন। ব্রয়লার মুরগি বিক্রি হইছে ১৪০ টাকা আর সোনালিকা মুরগি বিক্রি হইছে ১৯০ টাকা কেজি দরে।
ফরিদপুর জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২১ জুন সোমবার সকাল থেকে ফরিদপুরে কঠোর বিধিনিষেধ শুরু হয়। আজ এই বিধিনিষেধ পালনের ষষ্ঠ দিন।