বাজার নিয়ন্ত্রণ করতে হলে মজুতদারি ব্যবসা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসান উল হক

করোনা সীমিত আয়ের মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করেছে। আয় বাড়েনি, কিন্তু জীবনযাপনের ব্যয় বেড়েছে। এর মধ্যে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সংসার চালাতে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর। এই অবস্থায় প্রথম আলো কথা বলেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান উল হকের সঙ্গে।

প্রশ্ন :

প্রথম আলো: নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বিষয়টি কীভাবে দেখছেন?

আহসান উল হক: নিত্যপণ্যের এখন যে বাজারদর এটা আসলে নিয়ন্ত্রণ করবে মূলত বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্যারিফ কমিশন মূল্য নির্ধারণ করে দেওয়ার পর স্থানীয় বাজারে এটি দেখার দায়িত্ব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। কিন্তু এই প্রতিষ্ঠানের লোকবল কম থাকায় পুরো জেলায় বাজার মনিটরিং করা সম্ভব হয়ে ওঠে না। ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা পর্যায়ে অফিস থাকলেও উপজেলা পর্যায়ে নেই। এখানে স্থানীয় প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর ও সিটি করপোরেশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সমন্বয় থাকা খুবই প্রয়োজন।

প্রশ্ন :

প্রথম আলো: করোনাবাইরাসে মানুষের আয়রোজগার কমে গেছে। কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মানুষ কীভাবে চলবে?

আহসান উল হক: এটা তো শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিষয়। সে ক্ষেত্রে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলব, রাষ্ট্রীয়ভাবে ও মাঠপর্যায়ে যেসব এনজিও আছে, তাদের মাধ্যমে এই দুর্যোগ মোকাবিলায় কাজের বিনিময়ে নানা কর্মসূচি নেওয়া যেতে পারে। তাদের মাধ্যমে প্যাকেজ করা যেতে পারে। এই প্যাকেজের মাধ্যমে আপত্কালীন সময় মানুষ কাজ করতে পারে। যেমন, নদী খননের যেসব কাজগুলো হচ্ছে সেখানে আপাতত যন্ত্র ব্যবহার না করে মানুষকে নিয়ে কাজ করা যেতে পরে। এতে কর্মবিমুখ মানুষ কাজের সঙ্গে যুক্ত হতে পারবে। স্থানীয় প্রশাসন, ক্যাব ও এনজিও যৌথ বৈঠক করে পরিকল্পনা গ্রহণ করতে পারে।

প্রশ্ন :

প্রথম আলো: জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। এটা তো সরকারের নিয়ন্ত্রণ করা উচিত?

আহসান উল হক: অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। এ ক্ষেত্রে বলব যে আমাদের জাতীয় অর্থনীতির মূল বিষয়টি হচ্ছে, সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য ক্রয় বা সেবা থাকতে হবে। এখানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মেলালে চলবে না। আমাদের দেশের ক্ষেত্রে শুধু শুধু আন্তর্জাতিক বাজার দেখলে হবে না। দেশের মানুষের আপৎকালীন সময়ে সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সরকারকেই দেখতে হবে। এগিয়ে আসতে হবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে। বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: বাজার নিয়ন্ত্রণের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?

আহসান উল হক: বাজার নিয়ন্ত্রণের জন্য বড় বিষয় হচ্ছে মজুতদারি ব্যবসা বন্ধ করতে হবে। তাদের তদারকির মধ্যে রাখতে হবে। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকলে এটা এমনিতেই নিয়ন্ত্রণে থাকবে। রমজান মাস এলে মানুষসহ ব্যবসায়ীরা নিত্যপণ্য মজুত করতে শুরু করেন। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং থাকলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।