ব্যবসায়ীরা অনলাইনে আমের ফরমাশ পাচ্ছেন। সঙ্গে পরিবহন খরচসহ আগাম টাকাও পাচ্ছেন। আম পাঠাচ্ছেন পরে। ব্যবসা মানেই লাভ-লোকসান আছে। কিন্তু এ এমন এক ব্যবসা, যেখানে কোনো লোকসান নেই। চাষিরাও অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে অপেক্ষাকৃত ভালো দাম পাচ্ছেন।
অপর দিকে সাধারণ আম ব্যবসায়ীদের টাকা আড়তে বকেয়া পড়ে থাকে। এক বছরের বকেয়া আরেক বছর তুলতে হয়। গত বছরের দর মাথায় রেখে যাঁরা বাগান কিনেছেন, তাঁদের অনেককেই এবার লোকসান গুনতে হচ্ছে। কারণ, বাজার মন্দা। তবে অনলাইন ব্যবসায় মন্দার কোনো প্রভাব নেই। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই ব্যবসার মওকা নিচ্ছেন শিক্ষার্থীরা। তাই রাজশাহীর ঘরে ঘরে এখন অনলাইন ব্যবসায়ী। ব্যবসায়ীদের হিসাবমতে, রাজশাহীর আমের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করছেন এই অনলাইন ব্যবসায়ীরা।
রাজশাহীতে সবচেয়ে বড় আমের বাজার বসে পুঠিয়া উপজেলার বানেশ্বরে। এবার বানেশ্বর কলেজ মাঠে আমের বাজার বসেছে। প্রতিদিন সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম বেচাকেনা চলে। এই বাজারের ইজারাদার ওসমান আলীর হিসাবমতে, ভরা মৌসুমে প্রতিদিন বানেশ্বর থেকে আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন আম বেচাকেনা হয়। তাঁর মতে, রাজশাহীর ৩০ শতাংশ বাজার এখন নিয়ন্ত্রণ করছেন অনলাইন ব্যবসায়ীরা।
ওসমান আলী বলেন, গত বছর এ সময়ে হিমসাগর আম বানেশ্বর বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। এবার এই আম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ল্যাংড়া আম ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গত বছর এ সময় ল্যাংড়া আম দেড় থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। আর সবচেয়ে মন্দা বাজার লকনা আমের। এই আম এবার ৬০০ থেকে ৭৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এই আম বিক্রি করে চাষির উৎপাদন খরচ উঠছে না।
রাজশাহী জেলার অর্ধেক আম চাষ হয় শুধু বাঘায়। এই উপজেলার আম ব্যবসায়ী জহির উদ্দিন জানান, গত বছর একটি বাগান তিনি সাড়ে আট লাখ টাকা দিয়ে কিনেছিলেন। সেই বাগানে তাঁর লাভ হয়েছিল। এবার বাজার মন্দা দেখে তিনি সেই বাগান ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কিনেছেন। এই বাগানে তিনি লোকসানের আশঙ্কা করছেন। তিনি বলেন, করোনার কারণে মানুষের হাতে টাকা নেই। মানুষ আম কিনছে কম। তাঁদের ব্যবসা পড়েছে ঝুঁকির মুখে। চাষিরাও সেই ক্ষতির শিকার হচ্ছেন। তিনি বলেন, সেই দিক থেকে যাঁরা অনলাইনে ব্যবসা করছেন, তাঁরা খুব সুবিধায় আছেন। তাঁরা ক্রেতার কাছ থেকে আগেই অর্ডার নিচ্ছেন, টাকা নিচ্ছেন। তারপর আম পাঠাচ্ছেন। পাঠানোর খরচও ক্রেতারাই দিচ্ছেন। বাজার যা-ই হোক, অনলাইন ব্যবসায়ীদের লোকসানের কোনো ভয় নেই। আর যাঁরা বাগান চুক্তিতে আম কেনেন, তাঁদের টাকা আড়তে পড়ে থাকছে। বাজারদর অনুযায়ী আম বিক্রি হচ্ছে।
লকনা আম নিয়ে চাষিকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে। বাঘার ৩০ শতাংশ বাগান লকনা। উপজেলা দিঘা গ্রামের ব্যবসায়ী গোলাম তোফাজ্জল কবির বলেন, তাঁর বাগানের লকনা আম এবার ৫০০ টাকা মণ দরে বিক্রি করেছেন। এই আম বিক্রি করে বাগান পরিচর্যার খরচই উঠছে না।
দুই বছর ধরে আমের মৌসুমে পুঠিয়ার বানেশ্বর বাজারের পাশে বাসা নিয়ে অনলাইনে আমের ব্যবসা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল মামুন। ফ্রুটস হান্ট নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে তিনি আমের ব্যবসা পরিচালনা করেন। তিনি ১৬ জুন পর্যন্ত ১৪ মেট্রিক টন আম রাজশাহীর বাইরের ক্রেতাদের পাঠিয়েছেন। তাঁর হিসাব অনুযায়ী, প্রতিদিন শুধু বানেশ্বর বাজারের ৮০ থেকে ১০০ মেট্রিক টন আম অনলাইন ব্যবসায়ীরা রাজশাহীর বাইরে পাঠিয়ে থাকেন। রাজশাহী শহর থেকে আরও যায়। তিনি বলেন, আমের মূল ব্যবসা এখনো সাধারণ ব্যবসায়ীদের হাতে। তবে অনলাইন ব্যবসায়ীরা বাগানে গিয়ে চাষির কাছ থেকে সরাসরি আম কেনার কারণে দামের ক্ষেত্রে ব্যবসায়ীরা এখন আর কোনো সিন্ডিকেট করতে পারছেন না। চাষিরা অনলাইনের সুফল পাচ্ছেন।
অনলাইনে আম কিনেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল হুদা সাকিব। তিনি বলেন, নতুন উদ্যোক্তারা ভালো আম পাঠান। গত বছর খেয়েছেন। ভালো লেগেছে। একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাসনুমা জামান বলেন, এখন অনলাইনে আম নেন। শুধু নিজেই নেন তা নয়, নিজের আত্মীয়স্বজনের জন্যও নেন। আম ভালো পাওয়া যায়।
করোনাকালে চাকরি হারিয়ে বাসায় বসে ছিলেন পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের নারী পরিনা (৩০)। তিনি এবার বাগান থেকে আম পেড়ে বিক্রির জন্য তাঁর ফেসবুক পেজে একটি ঘোষণা দিয়েছিলেন। বেশ সাড়া পেয়েছেন। তিনি বলেন, তাঁর ফেসবুকের অনুসারীরা প্রতিদিন আমের ফরমাশ পাঠাচ্ছেন। সারা দিন এ নিয়েই ব্যস্ত আছেন। পুঠিয়া থেকে পাঠানোর খরচসহ হিমসাগর আম ৮০ থেকে ৯০ টাকা কেজিতে সরবরাহ করছেন।
মেয়েদের দেশি পণ্যের অনলাইন ব্যবসার একটি সংগঠন রয়েছে। নাম উইমেন ই-কমার্স ফোরাম (উই)। রাজশাহী জেলায় তাঁদের ১৭৫ জন ছেলেমেয়ে অনলাইনে আমের ব্যবসা করছেন। মুরাদ পারভেজ তাঁদের একজন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করেছেন। অনলাইনে ফরমাশ নিয়ে নিরাপদ আম পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিপুল সাড়া পান। ১৬ জুন পর্যন্ত ১৮ টনের বেশি আম বিক্রি করেছেন তিনি। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। তিনি বলেন, তাঁর এলাকায় এখন অনেক ছোট ছোট উদ্যোক্তা গড়ে উঠেছে।