বাজারে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় বাজারে দুধ বিক্রি করতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম ছইন্যা মিয়া (৫০)। তিনি উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হাতিমারা গ্রামের বাসিন্দা।

আজ রোববার দুপুরে উপজেলার চন্দ্রকোনা সেতু এলাকায় চন্দ্রকোনা-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের চালক সাজ্জাক আলীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে ছইন্যা মিয়া হাতিমারা গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে বিক্রির জন্য চন্দ্রকোনা বাজারে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রকোনা সেতু এলাকায় একটি ট্রাক্টর তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। ছইন্যা মিয়া সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাক্টরের চালক সাজ্জাক আলীকে আটক করা হয়েছে।