বাঞ্ছারামপুরের পাঁচ ইউপিতে শুধু আ.লীগের প্রার্থী
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঁচটি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের পাঁচ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিনে তাঁরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউপি, বাঞ্ছারামপুরে ১৩টির মধ্যে ১১টি ইউপি এবং নবীনগর উপজেলায় ২২টির মধ্যে ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে বাঞ্ছারামপুরে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের ৭ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর, উজানচর, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর সদর ও মানিকপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাওয়া পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই বর্তমান চেয়ারম্যান।
বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর, উজানচর, ছয়ফুল্লাকান্দি, বাঞ্ছারামপুর সদর ও মানিকপুর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীরা ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
ছয়ফুল্লাকান্দি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, উজানচরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান কাজী জাদিদ-আল-রহমান, সোনারামপুরে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. শাহীন মিয়া, বাঞ্ছারামপুর সদরে আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহিম এবং মানিকপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ।
এর মধ্যে মোহাম্মদ আমিনুল ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ এ বি তাজুল ইসলামের ভাতিজা এবং কাজী জাদিদ-আল-রহমান ভাগনে।