বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য বাড়াতে দুই দেশের সরকারের ইতিবাচক মনোভাব থাকা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। গতকাল শনিবার কলকাতার বেঙ্গল চেম্বারের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তাঁরা।
নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ৬৮৯ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে আমদানি হয় ৫ হাজার ৪৫২ দশমিক ৯০ মিলিয়ন ডলার পণ্য।
কলকাতার বেঙ্গল চেম্বারের প্রতিনিধিদলের নেতা আর এন লাহিরী বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পর্যটন, প্রকৌশল, স্বাস্থ্যসহ অনেক খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ রয়েছে।
সভায় ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, পণ্য বহুমুখীকরণের মাধ্যমে ভারতের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, পর্যটন, প্রকৌশলসহ নানা খাতে ভারতের বিনিয়োগের সুযোগ রয়েছে।