বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে সুপারিশ করতে গিয়ে আটক
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার সময় রাসেল গোলন্দাজ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে কোতোয়ালি থানায় প্রতারণা মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলের ঘটনা এটি।
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে দুজন ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড দেন রাসেল। এ সময় জরুরি ভিত্তিতে দুজনের পাসপোর্ট করে দেওয়ার নির্দেশ দেন তিনি। পরে তাঁর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয় এবং মন্ত্রণালয় থেকে এই নামে কোনো কর্মকর্তা নেই বলে জানানো হয়।
মঙ্গলবার বিকেলে দুজন ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড দেন রাসেল।
তাৎক্ষণিক আনসার সদস্যদের মাধ্যমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ করেন। এ সময় তাঁর কাছে ভারতীয় হাইকমিশনের বিভিন্ন ভুয়া কাগজপত্রও জব্দ করেন পাসপোর্ট অফিসের দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। পরে প্রতারক প্রমাণিত হওয়ায় তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, আটক রাসেল গোলন্দাজের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সদরে। তিনি বিভিন্ন সময়ে আর্থিক লেনদেন, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন দপ্তরে তদবির-সুপারিশসহ নানা প্রতারণামূলক কাজ করে আসছিলেন।
এ ঘটনায় সন্ধ্যায় পাসপোর্ট অফিসের অফিস সহকারী সাখাওয়াত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, প্রতারণার অভিযোগে রাসেল গোলন্দাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।