বাতাসে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল যুবকের গলিত লাশ
বাতাসে ছড়ানো দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল এক যুবকের গলিত মরদেহ। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে একটি নির্জন বাড়ি থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। যুবকের নাম মামুন আহমেদ (৩৫)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ‘মঈন ভিলা’র পাশে কয়েকজন শ্রমিক গাছ কাটার কাজ করছিলেন। এ সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছিল। শ্রমিকেরা দুর্গন্ধ পেয়ে বাড়িটির দিকে এগিয়ে যান। এ সময় তাঁরা নির্জন বাড়িটিতে লোকজনকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজনকে জানান। গ্রামের লোকজন জড়ো হয়ে খবর দেন পুলিশকে। জগন্নাথপুর থানা থেকে পুলিশ এসে ভবনটির একটি কক্ষ থেকে মামুন আহমেদের গলিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে মামুন আহমেদ বাড়িটিতে একাই থাকতেন। তাঁর মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। প্রায় পাঁচ বছর আগে মামুন বিয়ে করলেও অনেক দিন আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। তাঁর দুই বছরের এক ছেলে আছে। সে মায়ের কাছেই থাকে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক মির্জা সাফায়াত হোসেন বলেন, উদ্ধার করা যুবকের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বাড়িতে একাই থাকতেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে জানতে পুলিশ তদন্ত করছে।