বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল করা না হলে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ যাত্রার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
সমাবেশে আনু মুহাম্মদ বলেন, সরকার দেশবাসীর মতামত ও স্বার্থ উপেক্ষা করে বেআইনিভাবে এই চুক্তি সম্পাদন করেছে। বাংলাদেশে ও সারা বিশ্বে একজনও বিশেষজ্ঞ পাওয়া যাবে না, যিনি মনে করেন রামপাল বিদ্যুৎকেন্দ্রে সুন্দরবনের ক্ষতি হবে না।
আনু মুহাম্মদ সরকারকে গণভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকার যদি মনে করে তার দাবির পক্ষেই অধিকাংশ জনমত রয়েছে, তাহলে গণভোট দিক। যদি সরকার জনগণকে প্রকৃত ভোট দেওয়ার ব্যবস্থা করে তো আমরা নিশ্চিত, দেশের ৯৯ ভাগ মানুষ এই চুক্তির বিরুদ্ধে ভোট দেবে।’
সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সুন্দরবন ধ্বংসের এই প্রকল্প রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘সরকার জাতীয় স্বার্থ উপেক্ষা করে ভারতীয় স্বার্থে এই চুক্তি সম্পাদন করেছে। দেশের সম্পদ নষ্ট করে কোনো প্রকল্প আমরা চাই না। আমাদের ঐতিহ্যের ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না।’