বাদ দেওয়া ৬১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে যমুনা সার কারখানায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা সার কারখানার বাদ দেওয়া ৬১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে আজ মানববন্ধন করেন শ্রমিকেরা
ছবি: প্রথম আলো

বাদ দেওয়া ৬১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় (জেএফসিএল) আজ মঙ্গলবার সকাল নয়টায় চার শতাধিক শ্রমিক মানববন্ধন করেছেন। কারখানার দৈনিক মজুরিভিত্তিক কাজ করা শ্রমিকেরা এ মানববন্ধন করেন।

জেএফসিএল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, কারখানায় দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে ৪৮৬ জন কাজ করে আসছেন। ১ সেপ্টেম্বর বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) নির্দেশে ৬১ শ্রমিককে বাদ দেওয়া হয়। তাঁদের পুনর্বহালের দাবিতে আজ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন করেন শ্রমিকেরা। মানববন্ধন শেষে শ্রমিকেরা প্রশাসনিক ভবন ঘেরাও করতে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। পরে কারখানার শ্রমিকদের ঠিকাদার কাউন্সিলর সাখায়াতুল আলম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কাজে ফেরানোর আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।

বাদ পড়া শ্রমিক কেরামত আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করে আসছি। হঠাৎ ১ সেপ্টেম্বর কারখানার প্রশাসন বিভাগ থেকে আমাদের ৬১ শ্রমিককে কাজে আসতে না করা হয়। এর পর থেকে কাজ না থাকায় আমরা চিন্তায় আছি।’

জেএফসিএলে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ঠিকাদার সাখায়াতুল আলম বলেন, আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ মঈনুল হক বলেন, বিসিআইসির নির্দেশে ৬১ শ্রমিককে বাদ দেওয়া হয়েছিল। তাঁদের আবার কাজে নেওয়ার দাবিতে শ্রমিকেরা আজ মানববন্ধন করেছেন।