বাদাম বিক্রি করে সংসার চালান ৭০ বছরের অমৃত রঞ্জন চাকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মলিন মুখে ক্রেতার জন্য অপেক্ষা করছেন অমৃত রঞ্জন চাকমা। সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের সামনে
ছবি: প্রথম আলো

হাঁটু ভাজ করে ক্রেতার অপেক্ষায় বসে আছেন এক বৃদ্ধ। তাঁর এক পাশে লাঠি আর সামনে ছোট প্লাস্টিকের গামলা। ওই গামলায় ছোট প্যাকেটে বাদাম সাজিয়ে রাখা হয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের সামনে এই বৃদ্ধের সঙ্গে দেখা হলো।

বৃদ্ধের নাম অমৃত রঞ্জন চাকমা (৭০)। তিনি দীঘিনালার তুলাপাড়া গ্রামের বাসিন্দা। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে যাওয়ার পর থেকে লাঠির সাহায্য নিয়ে হাঁটতে হয় তাঁকে। হাঁটাচলা করতে সমস্যা হওয়ায় অন্য কোনো কাজও করতে পারেন না অমৃত রঞ্জন চাকমা। তাই বাধ্য হয়ে ভাজা বাদাম বিক্রি করেন।

তাঁর স্ত্রী শুক্রপুদি চাকমাও (৬০) ভাজা বাদাম বিক্রি করেন। থানা বাজারের মুখে বেলতলায় বাদাম নিয়ে বসেন তিনি। প্রতিদিন সকালে বাদাম নিয়ে বের হন বৃদ্ধ স্বামী-স্ত্রী। এরপর সারা দিনে দুজন মিলে ১৫০-২০০ টাকার বাদাম বিক্রি করেন।

অমৃত রঞ্জন চাকমা জানান, তাঁর বাবা পূর্ণজয় চাকমা অনেক বছর আগে মারা গেছেন। দুই মেয়ে ও স্ত্রী নিয়ে তাঁর পরিবার। বড় মেয়ে রূপবান চাকমাকে বিয়ে দিয়েছেন। আর ছোট মেয়ে রহিমবান চাকমা চাকরির খোঁজে চট্টগ্রামে আছেন।

অমৃত রঞ্জন চাকমা বলেন, ‘দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার ডান পা ভেঙে গেছে। টাকার অভাবে ভালো করে চিকিৎসা করাতে পারিনি। এই পা নিয়ে এখন কোনো কাজকর্মও করতে পারি না। তাই বাধ্য হয়ে স্বামী-স্ত্রী দুজনেই বাদাম বিক্রি করি। বাদাম বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে ওষুধ-সংসার খরচ চলে না। একটি বয়স্ক ভাতার কার্ড পেলে অনেক উপকার হতো।’

উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান জানান, উপজেলা পরিষদ থেকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তা করা হচ্ছে। কেউ বয়স্ক ভাতার কার্ডের জন্য আবেদন করলে সেটি যাচাই করে এ সহায়তার আওতায় আনা হয়। অমৃত রঞ্জন চাকমার বিষয়ে খোঁজ নিয়ে তাঁকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।