বাদাম বেচে আর জীবন চলছে না হারুনের
ভ্যানের ওপর ছোট্ট উনুনে চলছিল মো.হারুনের শেষ মুহূর্তের বাদাম ভাজা। সময় তখন রাত সাড়ে ১১টা। রাস্তাঘাট ফাঁকা। চারপাশ নির্জন। সারা দিন পথে পথে ঘুরে ক্লান্ত শরীর। এর মধ্যে চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনের আঁচ আর রাতের ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁর। নির্জন সড়কে ক্রেতার আশায় দাঁড়িয়ে থাকলেও সেভাবে নেই হাঁকডাক।
এর মধ্যে হঠাৎ হারুনের সঙ্গে থাকা মুঠোফোনটি বেজে উঠল। হারুন প্যান্টের পকেট থেকে মুঠোফোনটি বের করে কয়েক সেকেন্ড কী যেন ভেবে ফোনটি ধরলেন না। এরপর দ্বিতীয়বার ফোন বাজল, এবারও ফোন ধরলেন না৷ এরপর তৃতীয়বারের মতো ফোনটি বেজে উঠতেই প্রচণ্ড বিরক্তি নিয়ে ধরে বলে উঠলেন, ‘দেখ, বেশি জ্বালাইস না কইলাম। বেশি জ্বালাইলে দুই চোখ যেই দিক যায়, হেই দিক চইল্যা যামু। তহন তোরা মনভইরা থাহিস, খাইস। আমারে আর জ্বালাবি না।’ এরপর ফোনটি আবার পকেটে রেখে দেন।
হারুন ফোন রেখে আবার বাদাম ভাজায় মনোযোগ দিলেন। দু–এক মিনিট চুপ থেকে বলেন, ‘আর বইলেন না ভাই। কেউ (পরিবার) আমার অবস্থাডা বুঝতে চায় না। খালি এইডা লাগব, ওইডা নাই, নানান ঝামেলা আছেই। বাদাম বেইচা আমি আর কয় ট্যাকা পাই। হেইড্যা দিয়া ঋণ শোধ করমু, নাকি সংসার চালামু!’ এর সঙ্গে যোগ করলেন, ‘গত মাসের বাসাভাড়া আটকায় গেছে। বাড়িওয়ালা বারবার বউয়ের কাছে ট্যাকা চাইতাছে। হেললাইগ্যা বউ আমারে ফোন দিতাছে। কিন্তু আমার কাছে কোনো ট্যাকাই নাই। হেললাইগ্যা রাগে এসব কথা কইছি। কী করুম, আমিও তো একটা মানুষ।’
গতকাল বুধবার রাতে হারুনের সঙ্গে দেখা গাজীপুর নগরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে। দুই চাকার একটি ভ্যান ধরনের গাড়িতে করে বাদাম, বুট ও ছোলা বিক্রি করেন তিনি। সারা দিন বিভিন্ন জায়গায় বাদাম বিক্রি শেষে এখানে এসে দাঁড়ান ঘণ্টাখানেকের জন্য। তখন ভ্যানের একপাশে রাখা একটি ছোট্ট চুলায় পরের দিনের বাদাম ভেজে নিচ্ছিলেন তিনি। তখন কথা হয় হারুনের সঙ্গে।
আলাপে জানা যায়, হারুনের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তাঁরা এক ভাই ও এক বোন। হারুন সবার বড়। বৃদ্ধ মা–বাবা থাকেন গ্রামে। স্ত্রী, দুই মেয়ে আর ছোট বোন থাকেন রাজধানীর তেজগাঁও এলাকার একটি ভাড়া বাসায়। আর তিনি বাদাম বিক্রি করেন গাজীপুর নগর এলাকায়। একার আয়ে সংসার চলে না। স্ত্রী তেজগাঁও এলাকার একটি পোশাক কারখানার চাকরি করেন। তারপরও কুলাতে পারছেন না।
হারুন বলেন, তাঁর বাবার চিকিৎসার জন্য ১ লাখ টাকা ঋণ নিতে হয়েছিল তাঁকে। সেই ঋণের বিপরীতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিতে হয় তাঁকে। বাদাম বিক্রি করে মাসে তাঁর গড় আয় ১০ থেকে ১২ হাজার টাকা। প্রতি মাসেই তাঁকে ধার করতে হয়।
হারুন বলেন, ‘আমাগো মতো গরিব মাইনষের লাইগ্যা শখ-আহ্লাদ থাকন নাই। আমি বাদাম বিক্রি শেষে প্রতি সপ্তাহে স্ত্রী-সন্তানের কাছে যাই। কয় দিন ধইর্যাই ছোড মাইয়্যাডা কইতাছে ঘুরতে নিয়া যাইতে, কিন্তু আমি কোনো কথা দিতে পারি নাই। ঘুরতে গেলে ট্যাকা লাগব। বাচ্চা এইড্যা-ওইড্যা খাইতে চাইব। কিন্তু আমার ধারে তো ট্যাকা নেই। হেললাইগ্যা যাই-ই না।’
হারুনের সঙ্গে এসব নিয়ে কথা বলতে বলতেই রাত ১২টা বেজে যায়। রাস্তাঘাট আরও নির্জন হয়। ক্রেতা পাওয়ার আশা ছেড়ে দিয়ে মোটামুটি বাসায় যাওয়ার প্রস্তুতি নেন। এভাবে আর চলবে কত দিন—জানতে চাইলে হারুনের উত্তর, ‘শুধু বাদাম বেইচ্যা আর জীবন চলতাছে না। হেললাইগ্যা পরিচিত কয়েকজনরে অনুরোধ কইর্যা কইছি একটা চাকরির ব্যবস্থা কইর্যা দিত। চাকরি হইলে চাকরির পাশাপাশি বাদাম বেচুম। তাতে অন্তত জীবনটা বাঁচব।’