বানিয়াচংয়ে বজ্রপাতে দুই শিশু ও এক কৃষকের মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও একজন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তাঁরা মারা গেছেন।
নিহত তিনজন হলেন উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের কৃষক আলমগীর মিয়া (২৬), দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া বড় বান্দের আবদুর রহমানের মেয়ে রুমা বেগম (১২) ও একই ইউনিয়নের তাঁতারী মহল্লার আক্কেল আলীর ছেলে হোসাইন আহমদ (১২)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এ তিনটি মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বানিয়াচং উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। সকাল সাতটার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুমা বাড়ির পাশের মাঠ থেকে লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে সকালে কৃষক আলমগীর মিয়া ও শিশু হোসাইন আহমদ বাড়ির পাশে হাওরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাত শুরু হলে দুজন বিদ্যুতায়িত হন। আশপাশের কৃষকেরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, নিহত ব্যক্তিদের তথ্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।