বান্দরবানে আবারও এক ব্যক্তিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বান্দরবান সদর উপজেলায় জ্বলন্ত তঞ্চঙ্গ্যা (৩০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার প্রথম আলোকে জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, টংকাবতি পুনর্বাসন চাকমাপাড়া ও বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের মাঝামাঝি মোটরসাইকেলে দুজন যাওয়ার সময় অস্ত্রধারীরা গুলি চালায়। গুলিতে এক ব্যক্তি মোটরসাইকেল থেকে পড়ে যান। অন্যজন মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যান। পরে এলাকার লোকজন রাস্তায় একজনের লাশ পড়ে থাকতে দেখেন। তখন তাঁরা জানতে পারেন, নিহত ব্যক্তির নাম জ্বলন্ত তঞ্চঙ্গ্যা। তবে তাঁর বাড়ি কোথায়, তাঁরা জানেন না। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) হয়ে ওই এলাকায় চাঁদা সংগ্রহের কাজ করেন বলে জানা যায়। টংকাবতি পুনর্বাসন চাকমাপাড়া ও বন বিভাগের রেঞ্জ কার্যালয় এলাকাটি জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুন

টংকাবতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রথম আলোকে বলেন, কারা গুলি করেছে এবং গুলিতে যিনি মারা গেছেন, কারও পরিচয় তিনি জানেন না। লাশের পরিচয় এলাকাবাসীর কাছ থেকে শুনেছেন। তবে তাঁর ঠিকানা জানতে পারেননি। ঘটনার পর থেকে এলাকাবাসী আতঙ্কে আছেন বলে জানান তিনি।

ইউপিডিএফ-গণতান্ত্রিকের জেলা সাধারণ সম্পাদক উবামং মারমা বলেন, টংকাবতিতে একজনকে গুলি করে হত্যার কথা তাঁরা শুনেছেন। কিন্তু নিহত ব্যক্তি তাঁদের দলের কি না, নিশ্চিত করে বলতে পারেননি। তাঁদের দলে সশস্ত্র কোনো ব্যক্তি নেই বলে জানান তিনি।

আরও পড়ুন

এসপি জেরিন আখতার প্রথম আলোকে বলেন, টংকাবতিতে একজনের লাশ পড়ে রয়েছে বলে খবর দেওয়া হয়েছে। সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে যাচ্ছে। এলাকা দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ৫ মার্চ রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বুখ্যংপাড়ায় জেএসএসের কর্মী উনুমং মারমাকে গুলি করার পর তুলে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর একই দিনে সাঙ্গু নদের কানানপাড়ায় দুই পক্ষের গোলাগুলিতে মগ পার্টির চার সদস্য নিহত হন। গত বছরের ১৮ ডিসেম্বর টংকাবতি পুনর্বাসন চাকমাপাড়ায় ইউপিডিএফ-গণতান্ত্রিকের সমর্থক আরও একজনকে গুলি করা হয়েছিল। তবে সেবার তিনি প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন