বান্দরবানে কিশোরী ও শিশু ধর্ষণের অভিযোগে দুই মামলা
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কিশোরী ও রুমা উপজেলায় চার বছরের মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ দুটি মামলা হয়েছে। বুধবার রাতে রোয়াংছড়ি ও রুমা থানায় পৃথক দুটি মামলা হয়।
রুমা থানা-পুলিশ সূত্রে জানা যায়, রুমা উপজেলার সদরঘাট এলাকায় ১৬ আগস্ট ত্রিপুরা জনগোষ্ঠীর চার বছরের মেয়েশিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন পাশের বাড়ির নুরুল ইসলাম নামের এক ব্যক্তি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রাকিব উদ্দিন বলেন, শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুটির চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ১৫ আগস্ট রোয়াংছড়িতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে বাড়িতে একা পেয়ে তাকে ব্র্যাকের রোয়াংছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার চাকমা ধর্ষণ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রদীপ চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরীর বাবা জানিয়েছেন, উপজেলা সদরে তাঁর মেয়ে এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করে। সেই বাড়ি পাহাড়ের দুর্গম এলাকায়। বাড়িটির একাংশে ব্র্যাক রোয়াংছড়ি উপজেলা কার্যালয়। ১৫ আগস্ট বাড়িতে কেউ ছিলেন না। এই ফাঁকে প্রদীপ কুমার চাকমা বাড়িতে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এ ঘটনায় গতকাল রাতে রোয়াংছড়ি থানায় তিনি মামলা করেছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, অভিযুক্ত ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক প্রদীপ কুমার চাকমা পলাতক। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলায়। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্র্যাক বরাবরই নারীর প্রতি যেকোনো ধরনের নির্যাতনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ব্র্যাক। ওইদিনই অভিযুক্ত কর্মীকে চাকরি থেকে সাময়িকভাবে কর্মরহিত করে ঘটনাটি অনুসন্ধানের জন্য ব্র্যাকের অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এ ছাড়া অভিযোগকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ও ব্র্যাকের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সবরকম মানসিক স্বাস্থ্যসেবা ও আইনী সহায়তা দেওয়া হবে।