বান্দরবানে গুলিতে ‘জেএসএসের সমর্থক’ নিহত
বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়িমুখপাড়া বাজারে আজ শনিবার সন্ধ্যায় একদল অস্ত্রধারী গুলি করে এক পল্লিচিকিৎসককে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম বাচমং মারমা (৪০)। তিনি জনসংহতি সমিতির (মূল দলের) সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে তাঁকে কে বা কারা হত্যা করেছে, পুলিশ ও এলাকাবাসী জানাতে পারেননি।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বান্দরবান-হানসামা-বাঘমারা সড়কের পাশের জামছড়িমুখপাড়ার ছোট্ট বাজারে সন্ধ্যায় একদল অস্ত্রধারী মোটরসাইকেলে আসে। মোটরসাইকেল থেকে নেমে তারা পল্লিচিকিৎসক বাচমং মারমাকে খুঁজতে থাকে। এ সময় বাচমং মারমা তাঁর ওষুধের দোকানে ছিলেন। অস্ত্রধারীরা তাঁকে মারমা ভাষায় দোকানের সামনে ডেকে কাছ থেকে মাথায় গুলি করে চলে যায়। এতে বাচমং মারমা ঘটনাস্থলেই নিহত হন।
বাচমং মারমা দুই-তিন বছর আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি জনসংহতি সমিতি মূল দলের সমর্থন করতেন বলে তাঁর পরিচিতরা জানিয়েছেন।
গুলি করার পর ওই অস্ত্রধারী ব্যক্তিরা হানসামাপাড়ার দিকে বা জেলা শহরের দিকে চলে যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি জামছড়িমুখপাড়ায় রাজবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বা চ নু মারমাসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর আগে ২০১৬ সালের ১৩ জুন উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণের পর আর হদিস পাওয়া যায়নি। জামছড়িমুখপাড়ার পাশের বাঘমারা বাজারপাড়ায় গত ৭ জুলাই জনসংহতি সমিতি-এম এন লারমা দলের ছয়জনকে এবং ১ সেপ্টেম্বর বাঘমারা বাজার এলাকায় এক যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
নিহত বাচমং মারমা দুই-তিন বছর আগে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি জনসংহতি সমিতি মূল দলের সমর্থন করতেন বলে তাঁর পরিচিতরা জানিয়েছেন। এদিকে ঘটনার পর বাচমং মারমার মোটরসাইকেলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা জানান, বাচমং মারমা জনসংহতি সমিতি করতেন কি না, তাঁর জানা নেই। তবে তিনি এলাকায় পল্লিচিকিৎসকের কাজ করতেন। তবে রাজনৈতিক দল করার কারণে কাউকে হত্যা করা যুক্তিসংগত হতে পারে না। তাঁর ছোট ছোট দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সন্ধ্যায় একদল অস্ত্রধারী জামছড়িমুখপাড়ার ছোট্ট বাজারে আসে। অস্ত্রধারীরা বাচমং মারমাকে গুলি করে পালিয়ে যায়। অস্ত্রধারীরা হানাসামাপাড়ার দিকে চলে গেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তবে তাঁকে কে বা কারা হত্যা করেছে, এখনো তা জানা যায়নি। তদন্তে বিস্তারিত জানা যাবে।