বান্দরবানে চাঁদের গাড়িতে দুর্বৃত্তদের গুলি, চার তরুণী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে ভাড়ায় চালিত চাঁদের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চার তরুণী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভাড়া করা চাঁদের গাড়িতে ১৭ থেকে ১৯ জন তরুণ-তরুণী ছিলেন। তাঁরা রুমার বগা লেক ঘুরে জেলা সদর হয়ে রাজস্থলীর দিকে বাড়িতে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁদের গাড়িতে গুলিবর্ষণ করে। গুলিতে চাকা ফেটে গাড়িটি সড়কের ধারে উল্টে পড়লে চার তরুণী আহত হন। তাঁদের নাম নিরাপত্তার কারণে প্রকাশ করা হয়নি।

জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সশস্ত্র সদস্যরা আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা গতকাল রাত পৌনে ১০টায় সাংবাদিকদের জানান।

তবে এ ব্যাপারে জেএসএসের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।