বান্দরবানে দুজনকে তুলে নিয়ে গেছে অস্ত্রধারীরা
বান্দরবান সদর উপজেলায় প্রকাশ্য দিবালোকে দুজনকে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যাপাড়া থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।
অপহৃত ওই দুজন হলেন দিনমজুর খোকন তঞ্চঙ্গ্যা ও দোকানদার জীবন চাকমা। তঞ্চঙ্গ্যাপাড়া জেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কে অবস্থিত।
স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত গাড়িতে করে চারজন অস্ত্রধারী রাজবিলার তঞ্চঙ্গ্যাপাড়ায় এসে জীবন চাকমাকে কোনো কিছু না বলে দোকান থেকে অস্ত্রের মুখে গাড়িতে তুলে নেয়। যাওয়ার পথে দিনমজুর খোকন তঞ্চঙ্গ্যাকে পেয়ে তাঁকেও গাড়িতে তুলে নিয়ে যায় তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রাজবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় একটি সেচ বাঁধ ও একটি সীমানাদেয়াল নির্মাণের কাজ চলছে। অস্ত্রধারীদের চাঁদা না দেওয়ায় ওই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা বলেন, অস্ত্রধারীরা কেন খোকন তঞ্চঙ্গ্যা ও দোকানদার জীবন চাকমাকে ধরে নিয়ে গেছে, তা জানা যাচ্ছে না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অস্ত্রধারীরা রাজবিলা তঞ্চঙ্গ্যাপাড়া থেকে নিয়ে যাওয়া দুজনের খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চালানো হবে। অস্ত্রধারী কারা, তা এখনো জানা যায়নি।