বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে জুলাইয়ের শেষ সপ্তাহে সংঘটিত বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে প্রায় ১৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে প্রাণ গেছে সাতজনের। আহত হয়েছেন ২৯০ জন। এ ছাড়া ৫২টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবেছে কৃষিজমি, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার এবং ছোট–বড় সড়ক। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, এবারে অতিবর্ষণ ও ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে জেলার নিম্নাঞ্চল থেকে শুরু করে উঁচু এলাকায় বসবাসকারী সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি প্রশাসন তৎপর থাকায় মৃতের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। সরকারি-বেসরকারি ত্রাণ তৎপরতা অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমেছে। বন্যা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জেলার এক–চতুর্থাংশের অধিক অর্থাৎ ১ হাজার ৩১০ দশমিক ৮৫ বর্গকিলোমিটার এলাকা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এতে দেখা যায়, মোট ক্ষতিগ্রস্ত ১৬ হাজার ৭১৫ পরিবারের মধ্যে সম্পূর্ণ ঘরহারা ১ হাজার ৮৫৫ পরিবার ও ৭ হাজার ২৯৯ পরিবারের আংশিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামা উপজেলায়, ৫ হাজার ৪৫০ পরিবার। এ ছাড়া নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর ও আলীকদম উপজেলায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। পাহাড়ধসে লামায় ছয়জন ও পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে নাইক্ষ্যংছড়িতে একজনের মৃত্যু হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই চার উপজেলায় ২৯০ জন আহত হয়েছিলেন।
কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেছেন জেলায় জুমচাষ ও রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ছয় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় চার হাজার হাঁস-মুরগি, ৩৬০টি ছাগল ও ১৩৫টি গরু পানিতে ডুবে মারা গেছে। জেলায় মোট দুই হাজার ১৩৯টি বাঁধ ও এক হাজার ৩৩টি পুকুর তলিয়ে গেছে।
এ ছাড়া জেলা প্রশাসন জানায়, পাহাড় ধস ও বন্যায় জেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ ও ২১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সবকটি সড়কের বিভিন্ন অংশে সম্পূর্ণ ও আংশিক প্রায় ১২ কোটি টাকা ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে এবং নিম্নাঞ্চল, নদীর তীর ও পাহাড়ে ঝঁুকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ারও উদ্যোগ নেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।