বান্দরবানে বুয়েটের কর্মচারীবাহী মাইক্রোবাস পাহাড়ি খাদে পড়ে ৯ জন আহত
বান্দরবানের থাচিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্মচারীবাহী একটি মাইক্রোবাস পাহাড় থেকে খাদে পড়ে ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানচি উপজেলার জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ওই মাইক্রোবাসের যাত্রীরা সবাই বুয়েটের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানিয়েছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়।
সুদ্বীপ রায় প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তিদের মধ্যে একজন পাহাড়ি সড়ক থেকে আনুমানিক আড়াই হাজার ফুট গভীর খাদে পড়ে আছেন। আহত ওই ব্যক্তিকে এখনো উদ্ধার করা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে মাইক্রোবাসটি থানচির দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনাস্থল থেকে হামিদুল ইসলাম নামের বুয়েটের জ্যেষ্ঠ নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।